
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের নিবৃত্ত করতে গেলে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে কোনাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে অবরোধ, ভাঙচুর ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, বিজিবি, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন। সংঘর্ষ ও অবরোধের কারণে মহাসড়কজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
শ্রমিকদের অবরোধের কারণে সকাল থেকে মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারী হাজারো যাত্রী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আশরাফুল জানান, রোববার সকাল ১০টার দিকে উত্তেজিত শ্রমিকরা কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন দেন। প্রথমে পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করা হয়, পরে সেখানে আগুন দেওয়া হয়।
তিনি বলেন, পুলিশ বক্সটি মূলত দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিশ্রামের কাজে ব্যবহার করা হতো। সেখানে মূল্যবান কিছু ছিল না। বক্সের আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।