স্বৈরাচারের মতোই গুপ্তরা নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান

ফানাম নিউজ
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২
আপডেট  : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৩

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মতোই কিছু গুপ্ত এখন নতুন জালিমে পরিণত হয়েছে, যাদের কাছে দেশের মা-বোনরাও নিরাপদ নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পরে দেখা গেছে, স্বৈরাচারের মতো কিছু দল জনগণকে অপমান করছে। এই গুপ্তরা এখন নতুন জালিমের ভূমিকায় আবির্ভাব হয়েছে।

তারেক রহমান আরও বলেন, অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালিমদের নেতা প্রকাশ্যে নারীদের কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেসব নেতা ও কর্মীরা মা-বোনদের প্রতি সম্মান দেখায় না, তাদের কাছে মানুষের মর্যাদা নেই। দেশের মানুষ তাদের কাছে আত্মসম্মান আশা করতে পারে না।

তিনি বলেন, গুপ্তদের কুমিল্লার একজন নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, এরপর জনগণ তাদের পা ধরবে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্য কি দুর্বিষহ হবে, তা বোঝা যাবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে এবং গুপ্তদের শিক্ষা দিতে হবে।

স্বৈরাচার সরকারের সঙ্গে এই দলগুলো সবসময় একসঙ্গে থাকার কথাও উল্লেখ করেন তিনি। ‘তারা হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তারা স্বৈরাচার সরকারের সঙ্গে ছিল।’

বরিশালের স্থানীয় সমস্যার দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, নদী ভাঙন সবচেয়ে বড় সমস্যা। বেড়িবাঁধ নির্মাণসহ অনেক কাজ রয়েছে, যা শেষ করা যায়নি। বিএনপি জয়ী হলে এসব সমস্যা সমাধানে কাজ করতে চাই।

নারী-পুরুষ একত্রে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি বলেন, নারী সমাজকে ঘরে বন্দি করে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তা না হলে প্রত্যাশিত দেশ গড়া সম্ভব নয়।

তিনি সতর্ক করেন, গুপ্ত দলগুলো নারী সমাজকে অপমান করেছে, জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করেছে। তাদের মানসিকতা প্রকাশ পেয়েছে। ক্ষমতায় গেলে জনজীবনে দুর্বিষহ অবস্থা তৈরি হবে। তাই জনগণকে সতর্ক থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়