এবার ইমরান খানের পাশে ব্রায়ান লারা

ফানাম নিউজ
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৯

কারাবন্দী পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে এবার পাশে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা।

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এদিকে তাঁর দুই ছেলে সুলাইমান ও কাসিম বারবার বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তাঁর চিকিৎসায়ও অবহেলা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ব্রায়ান লারা ইমরানের প্রতি নিজের শ্রদ্ধার কথা তুলে ধরেন। তিনি বলেন, খেলোয়াড়ি জীবনে ইমরানের সঙ্গে তাঁর দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার। তবে তাঁর প্রতি শ্রদ্ধা ছিল তাৎক্ষণিক এবং স্থায়ী।

লারা আরও বলেন, খেলোয়াড়ি জীবনের শীর্ষ সময়ে ইমরান খান পাকিস্তানের মানুষের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন। এমন একজন মানুষ কীভাবে এখন এমন পরিস্থিতিতে পড়েছেন, যেখানে তাঁর প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দেওয়া হচ্ছে না—তা তিনি বুঝতে পারছেন না।

এর আগে ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দেন। এবার তাঁদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন লারাও।

নিজের বার্তায় লারা বলেন, সাবেক সহ-অধিনায়কদের সঙ্গে একমত হয়ে তিনি দাবি জানাচ্ছেন, ইমরান খান যেন যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা পান এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা লাভ করেন।

লারা স্পষ্ট করে বলেন, বিষয়টি কোনো রাজনৈতিক অবস্থান নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি মৌলিক মানবিক দায়িত্ব থেকেই তিনি এ দাবি জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়