গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ফানাম নিউজ
  ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৬

বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকেরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা যায়, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে গাজীপুর নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার আশপাশে অবস্থান করছেন। অন্যদিকে কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে তাঁরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়