
ক্যান্সারের জটিল চিকিৎসার মধ্যেই আবারও ক্যামেরার সামনে ফিরছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে এখনই নিয়মিত কোনো দীর্ঘমেয়াদি মেগা ধারাবাহিকে কাজ করার পরিকল্পনা নেই তার। শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত স্বল্প পরিসরের কাজেই যুক্ত হচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও অভিনয়ে ফেরার বিষয়ে কথা বলেন দীপিকা। তিনি জানান, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীর্ঘ সময়ের কোনো মেগা ধারাবাহিকে কাজ করা তার পক্ষে সম্ভব নয়।
দীপিকা বলেন, বর্তমান শারীরিক অবস্থায় কোনো মেগা ধারাবাহিকে কাজের সুযোগ পাওয়া কঠিন। পাশাপাশি জটিল চিকিৎসা চলাকালে কোনো প্রযোজকও তাকে দীর্ঘমেয়াদি কাজে নেওয়ার ঝুঁকি নেবেন না—এটিকে স্বাভাবিক বিষয় হিসেবেই দেখছেন তিনি।
তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে থাকছেন না দীপিকা। স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি নতুন মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।
মিউজিক ভিডিওটির শুটিং শারীরিক সক্ষমতা বিবেচনায় রেখে স্বল্প সময়ের মধ্যে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। দীপিকা জানান, শুটিংয়ের আগে তাকে রিহার্সালেও অংশ নিতে হচ্ছে। গানটিতে কিছুটা নাচের দৃশ্য রয়েছে, সেগুলোও করার কথা রয়েছে তার।
চিকিৎসার পাশাপাশি সীমিত পরিসরে কাজে ফেরার মাধ্যমে ধীরে ধীরে স্বাভাবিক কর্মজীবনে ফিরতে চাইছেন এই অভিনেত্রী।