চিকিৎসাসেবার মান বাড়ালে বিদেশমুখী রোগীর সংখ্যা কমবে: রাষ্ট্রপতি

ফানাম নিউজ
  ১২ অক্টোবর ২০২৬, ০০:০৬
আপডেট  : ১২ অক্টোবর ২০২৬, ০০:১১

দেশে চিকিৎসাসেবার মান আরও উন্নত করা গেলে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। সেবার মান আরও বাড়ানোর মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা জোরদার করা সম্ভব।

রোববার (১১ অক্টোবর) বঙ্গভবনে হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি পেশাজীবীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পেশাজীবীরা রাজনীতির ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করলে নিজ নিজ ক্ষেত্রে আরও ভালোভাবে কাজ করতে পারবেন।

এ সময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম রাষ্ট্রপতিকে জানান, বাংলাদেশেই বর্তমানে লিভার প্রতিস্থাপনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে ডায়াবেটিস, খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে দেশে ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। পাশাপাশি হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

সাক্ষাৎকালে অধ্যাপক শাহিনুল আলম আসন্ন এশিয়ান প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার (এপাসল) সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সম্মেলনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা, বাংলাদেশের সদস্য লিভার বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়