
রেকর্ডিং শুরুর মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পেরেছিলেন গায়িকা সুতপা মণ্ডল। এমনকি এর আগে গানটির কথা বা লিরিক্সও দেখেননি তিনি। সেই গানেই কণ্ঠ দিয়েছেন সুতপা ও মঙ্কস পার্ল। ‘মেঘ আড়ালে’ শিরোনামের গানটি গত ১৫ অক্টোবর প্রকাশ করেছে গানচিল মিউজিক।
জনপ্রিয় গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন দিবাশ কৃষ্ণ বিশ্বাস। অপেক্ষা, দূরত্ব, বিচ্ছেদ ও প্রিয়জনকে কাছে না পাওয়ার বেদনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে গানটি।
বৃষ্টির ফোঁটা, কালো মেঘে ঢাকা আকাশ কিংবা জানালার বাইরে তাকিয়ে থাকার মতো দৃশ্যের মধ্য দিয়ে ভালোবাসা ও বিচ্ছেদের অনুভূতি তুলে ধরা হয়েছে ‘মেঘ আড়ালে’তে। গানটির সুর ও কথায় মিশে আছে অপেক্ষার নীরবতা, বিষাদ এবং পুরোনো স্মৃতির আবেশ।
গানটির দৃশ্যায়নেও রাখা হয়েছে বিশেষ আয়োজন। পুরোনো দিনের শিল্পীর ঘর, ক্যানভাস, গ্রামোফোন, অ্যান্টিক আসবাব ও বাদ্যযন্ত্র দিয়ে সাজানো হয়েছে পরিবেশ। আলো ও রঙের ব্যবহারে দৃশ্যগুলো পেয়েছে সিনেমাটিক আবহ। গাঢ় নীল ও সবুজাভ রঙের সঙ্গে সোনালি আলোর বৈপরীত্য গানটির দৃশ্যকল্পে যোগ করেছে আলাদা নান্দনিকতা।
গানটি নিয়ে সুতপা মণ্ডল বলেন, ‘এ গানের জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় এসেছিলাম। রেকর্ডিংয়ের মাত্র এক ঘণ্টা আগে নতুন গানটির কথা জানতে পারি, এমনকি এর লিরিক্সও আগে দেখিনি। গানটির ফিমেল ভার্সনে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পুরো আয়োজনে আমার দুই বোন সুহানি ও শ্রেষ্ঠাও যুক্ত রয়েছে।’
অন্যদিকে, গানটি নিয়ে মঙ্কস পার্ল বলেন, ‘মেঘ আড়ালে’ তাঁর কাছে সৃষ্টির এক নতুন যাত্রা। গানটি বাস্তবায়নে সহযোগিতার জন্য গানচিল ও ফ্যাটম্যান অরিজিনালস প্রোডাকশনকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন এই গায়ক।