
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে উন্মাদনা বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, বিষয়টি হাস্যকর। শেখ হাসিনার মুখপাত্রের এয়ারক্রাফট চাওয়ার দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো কর্মকাণ্ড করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলে জানাতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। দলটির নেতাকর্মীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে খুনি হিসেবে নিজেদের পরিচয় বিশ্বের কাছে তুলে ধরছেন।
এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।