
দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। চলতি বছরে এক দিনে এটিই ডেঙ্গু রোগী ভর্তির সর্বোচ্চ সংখ্যা। এর আগে গত ১৬ আগস্ট এক দিনে ৮০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন পাঁচ মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এছাড়া জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।
একই সময়ে চিকিৎসা শেষে ৭৯৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৮৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—২৮৭ জন। এছাড়া খুলনা বিভাগে ১৫৯, বরিশালে ১১৭, চট্টগ্রামে ১০০, ময়মনসিংহে ৭৯ এবং রাজশাহীতে ৭১ জন ভর্তি হয়েছেন।