ইশরাকের পদত্যাগের সংবাদ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত: প্রেস কর্মকর্তা

ফানাম নিউজ
  ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন সংবাদকে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তাঁর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

রোববার (১৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে মাহফুজ কবির মুক্তা বলেন, রোববার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন।

তিনি বলেন, প্রতিমন্ত্রী তাঁর সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাঁর পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে একটি মহল এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, গত শনিবার (১৭ অক্টোবর) প্রতিমন্ত্রীর নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে উল্লেখ করেন তাঁর প্রেস কর্মকর্তা।

মাহফুজ কবির মুক্তা বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর পদত্যাগ নিয়ে সংবাদ প্রচার করা বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

বিবৃতিতে সংশ্লিষ্ট গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। পাশাপাশি যেসব গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোকে অবিলম্বে সংবাদ প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়। অন্যথায়, অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়