২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১

ফানাম নিউজ
  ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে সিলেটে তিনজন, চট্টগ্রামে একজন, ময়মনসিংহে একজন এবং রংপুর বিভাগে দুজন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৪৬ জন, রাজশাহীতে ১১ জন, সিলেটে ১৬৩ জন, চট্টগ্রামে ২৪৫ জন, বরিশালে ৭৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, খুলনায় ১০২ জন এবং রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৩৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়