ট্রাম্পের বড় ধাক্কা, সিনেটের পর প্রতিনিধি পরিষদও যাচ্ছে ডেমোক্র্যাটদের দখলে

ফানাম নিউজ
  ০৪ নভেম্বর ২০২৬, ১৬:২৮

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক ধাক্কার আভাস পাওয়া যাচ্ছে। সিনেটের পর এবার প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্র্যাট পার্টি। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের নির্বাচনী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এনবিসি নিউজের প্রকাশিত নির্বাচনী হিসাব অনুযায়ী, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ডেমোক্র্যাটরা ২২১টি এবং রিপাবলিকানরা ১২৮টি আসনে জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন। সেই হিসাবে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিশ্চিত হয়েছে ডেমোক্র্যাটদের।

সংবাদমাধ্যমটির সম্ভাব্য চূড়ান্ত ফলাফলের পূর্বাভাসে ডেমোক্র্যাটদের ২৫৫টি এবং রিপাবলিকানদের ১৮০টি আসন পাওয়ার কথা বলা হয়েছে। তবে সব আসনের ভোট গণনা শেষ না হওয়ায় এই হিসাব পরিবর্তিত হতে পারে।

অন্যদিকে, ১০০ সদস্যের সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। প্রকাশিত হিসাব অনুযায়ী, উচ্চকক্ষে দলটির আসনসংখ্যা ৫৩টি। বিপরীতে রিপাবলিকানদের আসন ৪১টি। সিনেটে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন।

এ নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হওয়ায় ট্রাম্প প্রশাসনের সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ আসতে পারে। আগামী দুই বছর গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সরকারি ব্যয় অনুমোদন এবং প্রশাসনিক নীতি বাস্তবায়নে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা করতে হতে পারে রিপাবলিকান প্রশাসনকে।

বিশেষ করে অভিবাসননীতি, শুল্ক আরোপ, অর্থনৈতিক পরিস্থিতি ও ইরান যুদ্ধ পরিচালনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ট্রাম্প প্রশাসন কংগ্রেসের কঠোর নজরদারির মুখে পড়তে পারে। একই সঙ্গে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে তদন্তের সুযোগও বাড়বে ডেমোক্র্যাটদের।

২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বাকি দুই বছরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়