‘আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়ালে কঠোর ব্যবস্থা’

ফানাম নিউজ
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৮

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের সময় বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থাকার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কোস্ট গার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হয়, তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপদেষ্টা আরও বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনকালে বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকার কোনো শৈথিল্য দেখাবে না। এ সংক্রান্ত দায়িত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩ হাজার ৫৮৫ জন সদস্যসহ সারাদেশে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ইতোমধ্যেই ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

তিনি কোস্ট গার্ডের ভূমিকা তুলে ধরে বলেন, বাহিনী উপকূলীয় এলাকা ও অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিশ্চিত, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, ডাকাতি ও জলদস্যুতা দমন এবং দুর্ঘটনাকবলিত নৌযান ও নাবিক উদ্ধার কার্যক্রমে সাহসিকতার সঙ্গে কাজ করছে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কোস্ট গার্ডের অবদানও প্রশংসনীয় বলে উল্লেখ করে তিনি বলেন, ‘ঘূর্ণিঝড়, বন্যা, শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ, রোহিঙ্গা সংকট নিরসনসহ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

দুর্নীতিকেও রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেতর থেকে ক্ষয় করে এবং জনগণের আস্থা ধ্বংস করে।’

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়