
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ২২৬ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ২২৬ দশমিক ৩৩ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী, রিজার্ভের পরিমাণ রয়েছে ২৯ হাজার ৫৬৫ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ১ জুলাই থেকে ৯ মে পর্যন্ত সময়ে দেশে মোট ৩০ দশমিক ৩৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২৫ দশমিক ৪০১ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ।
চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে এসেছে ১ দশমিক ০২৯ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৬৪ মিলিয়ন মার্কিন ডলার। ফলে মাসভিত্তিক প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ১ শতাংশ। এ ছাড়া শুধু ৭ থেকে ৯ মে—এই তিন দিনেই দেশে এসেছে ২৭৭ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স।
সংশ্লিষ্টদের মতে, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থার সহজীকরণ এবং প্রবাসী বাংলাদেশিদের আস্থা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।