প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্য তারিখ ২২-২৩ আগস্ট, নিশ্চিত করেনি ঢাকা

ফানাম নিউজ
  ১৫ আগস্ট ২০২৬, ০০:৩৭

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষার্ধে ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সম্ভাব্য সফরের তারিখ হিসেবে ২২ ও ২৩ আগস্টের কথা উল্লেখ করা হয়েছে। তবে এ সফর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি বাংলাদেশ সরকার।

ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে দুই দেশেই প্রস্তুতি চলছে। সফরটি হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পেতে পারে।

তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে, অন্যান্য কয়েকটি দেশের মতো ভারতের সঙ্গেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছে। তবে সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর সফরের বিষয়টি নির্ভর করছে বলেও জানান তিনি।

সফরটি চূড়ান্ত হলে প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। বিএনপি গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এ ছাড়া সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের ওই অনুষ্ঠানে তিনি অংশ নেবেন কি না, সে বিষয়েও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনায় ওই বৈঠকও ভূমিকা রাখতে পারে।

সবকিছু চূড়ান্ত হলে দুই দিনের সফরটি দ্বিপক্ষীয় সফর হিসেবেই আয়োজন করা হবে বলে জানিয়েছে এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়