শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর

ফানাম নিউজ
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে গত ৩০ আগস্ট জাতীয় সংসদে মন্ত্রী জানিয়েছিলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর নামে বিগত সরকার একটি ভবন উদ্বোধন করেছিল। তবে টার্মিনালের অভ্যন্তরীণ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ তখনও শেষ হয়নি। এটি পূর্ণাঙ্গভাবে চালু করতে আরও ৯০২ কোটি টাকা প্রয়োজন হবে বলেও জানিয়েছিলেন তিনি।

২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প গ্রহণ করে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর টার্মিনালটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে। বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। তখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। এবার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এটি উদ্বোধনের ঘোষণা দিল সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়