
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লালমনিরহাটে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁর এই সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা। সফর ঘিরে জেলার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা করছেন স্থানীয়রা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরে চলছিল ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বিভিন্ন স্থাপনা সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও তুলে ধরা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কারুকাজ।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। এরপর সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
পরে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম লালমনিরহাট সফর এটি। এ সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটানো এবং স্থানীয় সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা জেলাবাসীর।