দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়: জামায়াত আমির

ফানাম নিউজ
  ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪২

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দু-একটি অঘটনের কারণে পুরো আলেম সমাজ ও মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। তবে আলেম সমাজকে নিজেদের কাজ ও আচরণ নিয়েও আত্মপর্যালোচনা করতে হবে।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এ সম্মেলনের আয়োজন করে।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষকে আল্লাহর কালাম ও মহানবী (সা.)-এর আদর্শের দিকে আহ্বান করার আগে প্রত্যেককে নিজের আমল ও আচরণ পর্যালোচনা করতে হবে। যে কথা নিজে পালন করেন না, অন্যকে তা বলার আগে নিজের আমলের সঙ্গে সামঞ্জস্য আছে কি না, তা বিবেচনা করা জরুরি।

তিনি বলেন, ব্যক্তিগত আত্মপর্যালোচনা সবার জন্যই প্রয়োজন। দেশের মাদরাসা, খানকা, মারকাজ, আলিয়া ও কওমি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ নিতে হবে।

জামায়াত আমির বলেন, দুই-একটি অঘটনের কারণে গোটা ওলামা সমাজকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়। একইভাবে মাদরাসা শিক্ষাব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করা হয়।

তিনি বলেন, ভালো ও পরিচ্ছন্ন কোনো জায়গায় সামান্য ত্রুটিও সহজে চোখে পড়ে। তাই যাদের ওপর মানুষের আস্থা বেশি, তাদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মাওলানা নুরুল আমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়