
নিউইয়র্কে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অসম্মান করার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর সর্বান্দিয়ায় আলমগীর কবিরের বাগানবাড়িতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চরভদ্রাসনের লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চিকিৎসাসহায়তা এবং নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনও বিতরণ করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা দেশের ব্যাংক লুটের অর্থ বিদেশে নিয়ে বিলাসী জীবনযাপন করছেন। সেখানে বসেই তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।
তিনি অভিযোগ করেন, সরকারকে বেকায়দায় ফেলতে একটি মহল দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। ভারতে অবস্থানরত ফ্যাসিবাদী শক্তির দোসররাও দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। এ পরিস্থিতিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
‘আমরা বিএনপি পরিবার’-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানের শেষে লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন রুহুল কবির রিজভী। পাশাপাশি চিকিৎসাসহায়তা ও নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোদারেরছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, ভাঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার সেলিম, কৃষকদল নেতা খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন ও মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।