বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় উয়েফা

ফানাম নিউজ
  ০৭ আগস্ট ২০২৬, ০০:১২

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে ইনফান্তিনোর ক্ষমা চাওয়াতেও মন গলেনি উয়েফার। ফিফার প্রতিযোগিতা বয়কটের সিদ্ধান্ত এখনো বহাল রেখেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বৃহস্পতিবার উয়েফা জানিয়েছে, বয়কট প্রত্যাহারের জন্য তাদের দেওয়া শর্তগুলো পূরণ হয়নি। একই সঙ্গে ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারানোর আগের অবস্থানেও কোনো পরিবর্তন আসেনি।

ফিফাকে দুটি শর্ত দিয়েছিল উয়েফার ৫৫ সদস্য দেশ। প্রথমটি ছিল বিশ্বকাপসহ বড় প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা পুরোপুরি প্রত্যাহার করা। দ্বিতীয়টি ছিল ভবিষ্যতে ফুটবলকে এভাবে বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা আর কখনো হবে না, সেই নিশ্চয়তা দেওয়া।

ইনফান্তিনো প্রথম শর্ত মেনে পরিকল্পনাটি বাতিল করলেও দ্বিতীয় নিশ্চয়তা এখনো দেয়নি ফিফা। এ কারণেই বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে না উয়েফা।

মরক্কোয় দীর্ঘ সংকটকালীন বৈঠকের পর ফিফা জানায়, সংস্থাটির ব্যবস্থাপনা পর্ষদ ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রক্রিয়াগত ভুলের জন্য ক্ষমা চেয়ে একটি চিঠিও পাঠান ফিফা সভাপতি ও মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম।

তবে সেই সমর্থনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে উয়েফা। তাদের বক্তব্য, ফিফা সভাপতির অধীনে চাকরি করা এবং তার সিদ্ধান্তের ওপর যাদের পেশাগত ভবিষ্যৎ নির্ভর করে, তাদের সমর্থনে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি।

স্কাই নিউজ জানিয়েছে, মরক্কোর বৈঠকে ফিফার কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। তাদের মধ্যে ছিলেন প্রধান ফুটবল কর্মকর্তা জিল এলিস, বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান আর্সেন ওয়েঙ্গার, নারী ফুটবল বিভাগের প্রধান সারাই বেয়ারম্যান ও প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামুর।

উয়েফার বয়কট কার্যকর হলে প্রথম প্রভাব পড়তে পারে আগামী মাসে পোল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। ইংল্যান্ডসহ ইউরোপের দলগুলোর অংশগ্রহণ তখন অনিশ্চিত হয়ে পড়বে।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নতুন একটি প্রতিষ্ঠানের অধীনে নিয়ে তার সংখ্যালঘু অংশ বিক্রির মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার সংগ্রহ করতে চেয়েছিল ফিফা। সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা না করেই পরিকল্পনাটি এগিয়ে নেওয়ার অভিযোগ ওঠার পর উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন ও কনকাকাফ এর বিরোধিতা করে।

প্রবল চাপের মুখে পরিকল্পনাটি বাতিল করলেও পদত্যাগ করছেন না ইনফান্তিনো। তবে উয়েফার সর্বশেষ অবস্থানের পর তার ক্ষমা এবং ফিফার শীর্ষ নেতৃত্বের সমর্থনও বিশ্ব ফুটবলের সংকট কাটাতে পারল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়