ফিটনেস টেস্টে ফেল করলেও আবার পরীক্ষার সুযোগ

ফানাম নিউজ
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮

আগামী ৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের টুর্নামেন্ট। এর আগে মঙ্গলবার প্রথম ধাপে ঢাকা, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ—এই চার দলের ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ১০ জনের বেশি ক্রিকেটার পাস করতে পারেননি।

তবে ফিটনেস পরীক্ষায় ব্যর্থ ক্রিকেটারদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে। বিসিবির ট্রেনার ইফতেখার ইফতি জানিয়েছেন, প্রথমবার ব্যর্থ হলে ১০ দিন পর আবার পরীক্ষা নেওয়া হবে। এরপরও কেউ পাস করতে না পারলে আরও ১০ দিন পর তৃতীয়বার পরীক্ষা নেওয়া হবে।

ইফতেখার ইফতি বলেন, কেউ পরীক্ষায় ব্যর্থ হলে বা অসুস্থ থাকলে ১০ দিন পর আবার পরীক্ষা নেওয়া হবে। এরপরও ব্যর্থ হলে আরও ১০ দিন পর আরেকটি পরীক্ষা নেওয়া হবে।

তিনি বলেন, যারা ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হবে, তাদের ফিটনেসের দিকে বিশেষ নজর দেওয়া হবে। তাদের ফিটনেস উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। তবে শেষ পর্যন্ত এনসিএলে খেলতে পারবে কি না, সে সিদ্ধান্ত বোর্ড নেবে।

এবার ফিটনেস পরীক্ষায় পাসের মানদণ্ডও নির্ধারণ করা হয়েছে। ইফতেখার ইফতি জানান, নির্দিষ্ট একটি গ্রুপের জন্য মানদণ্ড ৭.২০ নির্ধারণ করা হয়েছে। পেসারদের ক্ষেত্রেও একই মানদণ্ড রাখা হয়েছে। ভবিষ্যতে ধীরে ধীরে এই মানদণ্ড কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

ক্রিকেটারদের খাদ্যাভ্যাস নিয়েও কথা বলেন বিসিবির এই ট্রেনার। তাঁর মতে, ক্রিকেটাররা সাধারণত ফিটনেস ও খাবারের বিষয়ে সচেতন থাকলেও অনেক সময় ভুল দিকনির্দেশনার কারণে সমস্যা হয়। বিশেষ করে দেশের বাইরে খেলতে গেলে অনেকেই নিয়মিত খাদ্যাভ্যাস ঠিকভাবে অনুসরণ করতে পারেন না।

জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসে উন্নতি দেখছেন বলেও জানান ইফতেখার ইফতি। তাঁর মতে, খাবারের অভ্যাস, প্রশিক্ষণ পরিকল্পনা এবং ট্রেনারদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ক্ষেত্রে আরও মনোযোগ দিলে ক্রিকেটারদের ফিটনেসে আরও উন্নতি করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়