
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা নিহতের ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এর জেরে সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা বাড়িঘরে হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়।
এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় ক্ষুব্ধ জনতা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির বাড়িসহ দলটির নেতাকর্মীদের অন্তত অর্ধশত বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিএনপির দুই নেতা নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। শুক্রবার বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে।