
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। তবে জয়ের পরও আলোচনায় উঠে এসেছে বার্সেলোনার তারকা রাফায়েল রাফিনিয়ার চোট। ম্যাচের বিরতিতে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে রাফিনিয়ার গুরুতর কোনো চোট হয়নি বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বলেন, রাফিনিয়া চোট পাননি, বরং কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন। সে কারণেই সতর্কতা হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে।
আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়া চোট পাননি, তিনি কেবল কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তাই তাকে বিশ্রামের সুযোগ দিতেই তুলে নিতে হয়েছিল। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব তাকে বার্সেলোনায় ফেরত পাঠানো হবে, নাকি এখানেই রাখা হবে।’
রাফিনিয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি নিজেই ‘আমি ঠিক আছি’ বলে জানিয়েছেন বলেও জানান ব্রাজিল কোচ।
এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে গোল পাওয়ায় ভিনিসিয়ুস জুনিয়রের প্রশংসা করেছেন আনচেলত্তি। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়ুসের ফর্ম নিয়ে সমালোচনা হলেও ব্রাজিলের জন্য তাকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে দেখছেন তিনি।
আনচেলত্তি বলেন, ‘আমি ভিনিকে খুব ভালোভাবেই চিনি। আমার দৃষ্টিতে ব্রাজিলের জন্য সে একজন অপরিহার্য খেলোয়াড়। আমার ফুটবল-যাত্রাজুড়ে সে এমনটাই ছিল এবং ভবিষ্যতেও ব্রাজিলের হয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।’
ভিনিসিয়ুস এখন নিজের সেরা ফর্মে নেই—এমনটা স্বীকার করলেও তার ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্যের ওপর আস্থা রাখছেন আনচেলত্তি।
ব্রাজিল কোচ বলেন, ‘এটা ঠিক যে এখন সে নিজের সেরা ফর্মে নেই। তা সত্ত্বেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে এবং আজও সেটাই করে দেখিয়েছে।’
ম্যাচে ভিনিসিয়ুস আগে গোল করায় পেনাল্টি নেওয়ার সুযোগও তাকে দেওয়ার সিদ্ধান্ত নেন আনচেলত্তি। তার মতে, গোল করার যোগ্যতা ভিনিসিয়ুসের রয়েছে এবং তাকে প্রয়োজনীয় সময় ও আস্থা দেওয়া উচিত।
এদিকে রাফিনিয়ার চোটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্প্যানিশ সাংবাদিক আলফ্রেডো মার্টিনেজ। নিজের এক্স অ্যাকাউন্টে তিনি রাফিনিয়ার ঊরুর অস্বস্তির জন্য আনচেলত্তিকে দায়ী করে সমালোচনা করেন। তবে রাফিনিয়ার চোটের প্রকৃতি নিয়ে ব্রাজিল কোচের বক্তব্যের সঙ্গে তার মন্তব্যের পার্থক্য রয়েছে।
রাফিনিয়াকে নিয়ে এখন ব্রাজিলের মেডিকেল দলের রিপোর্টের অপেক্ষায় রয়েছে দলটি। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।