রেফারিদের সিদ্ধান্তে হতাশ রিয়াল মাদ্রিদ

ফানাম নিউজ
  ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫১

রেফারিদের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তে অসন্তুষ্ট রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। দলের এই হতাশার কথা জানিয়েছেন ফরাসি মিডফিল্ডার অরেলিয়েঁ চুয়ামেনি। তবে রেফারিং নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। একই সঙ্গে দলের মাঝমাঠে খেলোয়াড়ের ঘাটতি নিয়ে চলমান আলোচনাও এড়িয়ে গেছেন এই ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন চুয়ামেনি। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি রেফারিদের নিয়ে কথা বলতে চাই না। আমরা খুব হতাশ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ম্যাচটি জিতেছি।’

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে রিয়াল শিবিরে অসন্তোষ রয়েছে। এ বিষয়ে দলের কোচের বক্তব্যেও সেই ক্ষোভের ইঙ্গিত পাওয়া গেছে। তবে অতীতের ঘটনা নিয়ে পড়ে না থেকে সামনের ম্যাচে মনোযোগ দেওয়ার ওপর জোর দিয়েছেন চুয়ামেনি।

মাঝমাঠের শক্তি নিয়েও আলোচনা

রেফারিংয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের মাঝমাঠের গঠন নিয়েও প্রশ্নের মুখে পড়েন এই ফরাসি তারকা। টনি ক্রুস ও লুকা মদরিচের বিদায়ের পর মাঝমাঠে খেলার গতি নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দায়িত্ব কে নেবেন, তা নিয়ে আলোচনা চলছে।

সমালোচকদের একাংশের মতে, বর্তমান মিডফিল্ডারদের শারীরিক সক্ষমতা ও কারিগরি দক্ষতা থাকলেও আগের মতো খেলার ছন্দ নির্ধারণ করার মতো সৃজনশীল খেলোয়াড়ের অভাব রয়েছে।

তবে বর্তমান দলের সামর্থ্যের ওপর আস্থা রেখেছেন চুয়ামেনি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমার নিজস্ব মত আছে। এটা আপনাদের আলোচনার বিষয়। আমরা উচ্চমানের খেলোয়াড়, দলের জয়ের জন্য কাজ করি।’

মাঝমাঠে নতুন খেলোয়াড় নেওয়া প্রয়োজন কি না, সে প্রশ্নেরও সরাসরি উত্তর দেননি চুয়ামেনি। বিষয়টি কোচ কিংবা ক্লাব সভাপতির সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। আপাতত মাঠের পারফরম্যান্সেই মনোযোগ দিতে চান এই মিডফিল্ডার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়