বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচে পদ্মার পানি, পানিবন্দি হাজারো মানুষ

ফানাম নিউজ
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার বিভিন্ন এলাকায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নদীর পানি বাড়ায় যোগাযোগ, কৃষিকাজ ও শিক্ষা কার্যক্রমেও দেখা দিয়েছে নানা সমস্যা।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, পাঙ্খা গেজ স্টেশনে পদ্মা নদীর পানির উচ্চতা ২১ দশমিক ৭৬ মিটার। নদীটির বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলা পানি উন্নয়ন বোর্ডের পাঠানো তথ্য থেকে এসব জানা গেছে।

পদ্মার পাশাপাশি জেলার মহানন্দা ও পুনর্ভবা নদীর পানিও বাড়ছে। মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৩ মিটার। এ নদীর বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার। অন্যদিকে পুনর্ভবা নদীর রহনপুর গেজ স্টেশনে পানির উচ্চতা ১৯ দশমিক ৪৬ মিটার। নদীটির বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত পদ্মার পানি বাড়তে পারে। এরপর পানি কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে। বর্তমানে পানি বিপৎসীমার নিচে থাকায় বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

এদিকে পদ্মার পানি বৃদ্ধির কারণে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার নারায়ণপুর ইউনিয়নের পানিবন্দি এলাকা পরিদর্শন করেন সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইকরামুল হোসাইন।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আল আওয়াল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার মাহবুব হোসেন এবং নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানিবন্দি অবস্থায় থাকা, যাতায়াত, কৃষিকাজসহ বিভিন্ন সমস্যার কথা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। কর্মকর্তারা তাঁদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সহকারী কমিশনার ইকরামুল হোসাইন বলেন, নদীর পানি বেড়ে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে পানি ঢুকে পড়েছে। এ কারণে কিছু স্কুল বন্ধ রয়েছে। পানিবন্দি মানুষদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়