
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হলেও আপলাইন দিয়ে চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কর্ণফুলী কমিউটার ট্রেনটি। লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় পৌঁছালে ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে আপ ও ডাউন—দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগি উদ্ধারে উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।