১৮ বছর পর ফিরছে ইমরান হাশমির ‘জান্নাত’

ফানাম নিউজ
  ১৭ আগস্ট ২০২৬, ১০:৫৯

বলিউড তারকা ইমরান হাশমির জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘জান্নাত’ দীর্ঘ ১৮ বছর পর আবারও ফিরতে যাচ্ছে। প্রযোজক বিশেষ ভাট জানিয়েছেন, ‘জান্নাত ৩’ নির্মাণের পরিকল্পনা চলছে এবং এর চিত্রনাট্য তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

২০০৮ সালে মুক্তি পাওয়া ‘জান্নাত’ ইমরান হাশমির ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা। কুণাল দেশমুখ পরিচালিত ও মুকেশ ভাট প্রযোজিত এই রোমান্টিক ক্রাইম ড্রামায় তার বিপরীতে অভিনয় করেছিলেন সোনাল চৌহান। মুক্তির পর সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া ফেলে এবং এর গানগুলোও দীর্ঘ সময় জনপ্রিয়তা ধরে রাখে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশেষ ভাট জানান, ‘আওয়ারাপন ২’-এর পর তিনি ‘জান্নাত ৩’ নিয়ে কাজ শুরু করতে চান। বর্তমানে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তৈরির কাজ চলছে বলেও জানান তিনি।

একই সাক্ষাৎকারে ‘আওয়ারাপন ২’ নিয়েও কথা বলেন বিশেষ ভাট। তিনি জানান, শুধু বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে নয়, নিজেদের অর্থায়নেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুরুতে পরিবেশকদের আগ্রহ না থাকলেও নির্মাণের পর সিনেমাটি নিয়ে বাজারে আগ্রহ তৈরি হয়।

২০০৮ সালের ১৬ মে মুক্তি পাওয়া ‘জান্নাত’-এ ইমরান হাশমি অভিনয় করেছিলেন অর্জুন দীক্ষিত চরিত্রে। দ্রুত ধনী হওয়ার স্বপ্নে বিভোর এক তরুণের অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়া এবং তার প্রেমের গল্পকে কেন্দ্র করেই এগিয়েছে সিনেমার কাহিনি। পরে ২০১২ সালে মুক্তি পায় ‘জান্নাত ২’, যেখানে ইমরানের সঙ্গে অভিনয় করেন রণদীপ হুডা ও এষা গুপ্তা।

তৃতীয় কিস্তির ঘোষণা সামনে আসায় ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। তবে ‘জান্নাত ৩’-এ ইমরান হাশমি অভিনয় করবেন কি না, কিংবা তার চরিত্র কী হবে— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়