জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

ফানাম নিউজ
  ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৯

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।

সরকারের অগ্রাধিকার, সংস্কার কার্যক্রম, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং ‘নতুন বাংলাদেশ’ নিয়ে সরকারের পরিকল্পনা তাঁর বক্তব্যে উঠে আসতে পারে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, বৈশ্বিক শান্তি ও রোহিঙ্গা সংকটের মতো বিষয়ও আলোচনায় আসার কথা রয়েছে।

জাতিসংঘে ভাষণের মধ্য দিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদে বক্তব্য দেবেন তারেক রহমান। ১৯৮০ সালে জাতিসংঘের বিশেষ অধিবেশনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অবস্থান তুলে ধরেছিলেন। পরে ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন।

ব্যস্ত সূচি নিয়ে নিউইয়র্ক সফর

সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠকের প্রস্তুতি রয়েছে। উন্নয়ন, আঞ্চলিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক সহযোগিতা ও বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এসব বৈঠকে আলোচনায় আসতে পারে।

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহে সাধারণ বিতর্কের পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উন্নয়ন অধিকার ও মহামারি প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতিসংঘের এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য—‘Restoring trust, managing transformation: A United Nations that delivers for all’ বা ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

স্বাগত জানাতে প্রস্তুতি যুক্তরাষ্ট্র বিএনপির

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতি চলছে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন বলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা জানিয়েছেন।

নিউইয়র্ক দক্ষিণ মহানগর বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন, তৃতীয় প্রজন্ম হিসেবে তারেক রহমানের জাতিসংঘে ভাষণ দেওয়া তাদের জন্য গর্বের বিষয়। তাঁকে স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছেন।

বিএনপির নেতারা বলছেন, তারেক রহমানের প্রথম জাতিসংঘ ভাষণে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, সরকারের নীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের অগ্রাধিকার তুলে ধরা হবে।

এদিকে জাতিসংঘের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহ ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে নিজ নিজ দেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়