
রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বিএনপি সরকারের বিরুদ্ধে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ করেন।
তিনি বলেন, “তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন। তিনি কি হেলিকপ্টার করে পালিয়ে দেশ থেকে যাবেন, নাকি সম্মানের সঙ্গে ক্ষমতা থেকে পদত্যাগ করবেন—সেটা তাকেই ঠিক করতে হবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা জানি এরশাদও অনেক সম্মানের সঙ্গে পদত্যাগ করেছিলেন। ফলে তারেক রহমানকে তার যাওয়ার রাস্তা নিজেকেই বেছে নিতে হবে।”
এনসিপির আহ্বায়ক বলেন, গত ১৬ বছর তারা মানবাধিকার ও গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। কিন্তু বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের সময় জনগণের অধিকার হরণে যেসব আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করা হয়েছিল, বর্তমান সরকারও একই আইন ও প্রতিষ্ঠান ব্যবহার শুরু করেছে।
এদিকে রংপুর অভিমুখে লং মার্চের পথে ১১ দলীয় ঐক্যের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, গত রাত থেকে লং মার্চের রুটের বিভিন্ন স্থানে এসব ব্যানার-ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সিটি করপোরেশনের লোকজনও জড়িত বলে অভিযোগ করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট সিটি করপোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাহিদ ইসলাম বলেন, “দফা বাড়ছে, কিন্তু আমরা জানি সব দফা কোথায় এসে থাকবে—এক দফায়। সে জন্য প্রস্তুত হন।”
বাধা এলেও শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, যত বাধাই হোক, শান্তিপূর্ণভাবে আজকের এই লং মার্চ সফল করব। রংপুরে দেখা হবে।”
ঢাকা-চট্টগ্রাম লং মার্চের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু হয়েছে।