পুলিশকে বেআইনি নির্দেশ দেবে না কমিশন: সিইসি

ফানাম নিউজ
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

আসন্ন স্থানীয় নির্বাচনে পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি পুলিশেরও সাংবিধানিক ও আইনগত দায়িত্ব রয়েছে। এ নির্বাচনে কমিশনের পূর্ণ অঙ্গীকার রয়েছে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে পুলিশের প্রতি কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। একই সঙ্গে পুলিশও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করবে বলে তারা জানিয়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় এখনকার অবস্থা খারাপ নয়। পুলিশের ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে বলেও জানান তিনি।

এদিকে দলীয় সরকার ক্ষমতায় থাকায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার থাকলেও এটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরাতে কী ধরনের অগ্রগতি হয়েছে—জানতে চাইলে আইজিপি বলেন, পুলিশের সাফল্য শতভাগ বলে তিনি মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়