
দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য পুলিশি টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আইজিপি পেশাদারিত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।
একই সঙ্গে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারা দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। এ ছাড়া ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন আইজিপি।