আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফানাম নিউজ
  ১১ নভেম্বর ২০২৬, ০১:১১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি কোনো জটিলতা দেখছে না সরকার। প্রত্যর্পণ চুক্তি ও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো অপরাধে অভিযুক্ত নন; তিনি মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি। এ ধরনের অপরাধের গুরুত্ব সাধারণ অপরাধের চেয়ে ভিন্ন। এ বিষয়ে বাংলাদেশের সংবিধানেও সুনির্দিষ্ট বিধান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের পক্ষ থেকে অতীতে এ বিষয়ে আইনি জটিলতার কথা বলা হয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলে তাঁকে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

শেখ হাসিনার পাসপোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি ল' ফার্মের মাধ্যমে ভারতের দিল্লিতে চিঠি পাঠানো হলেও শেখ হাসিনা নিজে আনুষ্ঠানিকভাবে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাই এ বিষয়ে বিভ্রান্তির সুযোগ নেই।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংক্ষিপ্ত রায় ইতোমধ্যে কার্যকর রয়েছে। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ বিচারিক প্রক্রিয়ার নিয়মিত অংশ, যা যথাসময়ে সম্পন্ন হবে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রক্রিয়া ও আইন মেনে চলাই সরকারের লক্ষ্য। কোনো অস্পষ্ট বা অসংগত পদ্ধতিতে নয়, বরং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়