মুক্তিযোদ্ধাকে ভাড়া করে নিজেদের স্বাধীনতার পক্ষে দেখাতে চাচ্ছে জামায়াত: সালাহউদ্দিন

ফানাম নিউজ
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার–১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একজন মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে জামায়াতে ইসলামী নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, এটি জাতির সঙ্গে প্রতারণা ও ভণ্ডামির শামিল।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক থানার কোনাখালী ইউনিয়নের জংগলকাটায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “যে রাজনৈতিক দল একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করতে চাচ্ছে। জামায়াত আমির স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ইতিহাস বিকৃতির শামিল এবং বিভ্রান্তিকর।”

তিনি আরও বলেন, জামায়াত আমিরের বক্তব্য অস্বাভাবিক নয়। কারণ যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে—এটাই স্বাভাবিক। তবে দেশের মানুষ সব জানে এবং এই নতুন রূপে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হওয়ার চেষ্টা জনগণ কখনোই মেনে নেবে না।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের বন্দর স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান দাবি করেন, একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জিয়াউর রহমান নন। এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “আগামী দিনে হয়তো আমাদের এমন কথাও শুনতে হবে যে, জামায়াতে ইসলামীই এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে।”

তিনি অভিযোগ করে বলেন, “তারা একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে, কার্যত ভাড়া করে, একটি সাইনবোর্ড দেখাতে চাচ্ছে যে তাদেরও মুক্তিযোদ্ধা আছে। কিন্তু দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই প্রতারণা কখনোই মেনে নেবেন না।”

জামায়াতের নারী বিষয়ক অবস্থানেরও সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের কর্মঘণ্টা পাঁচ ঘণ্টায় নামিয়ে আনার প্রস্তাবের অর্থ হলো নারীদের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা। বাস্তবতার প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত একজন নারী প্রার্থীও মনোনয়ন দেয়নি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘আই হ্যাভ এ প্ল্যান’ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা। বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতার বিষয়ে বিএনপির সুস্পষ্ট প্রস্তাব রয়েছে, যা ইতোমধ্যে সংস্কার কমিশনে উপস্থাপন করা হয়েছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়