
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেলের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ব্রিফিংয়ে তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ ও ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ।
প্রেস ব্রিফিংয়ে অ্যাডভোকেট জুবায়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের, ডাকসু নেত্রী ফাতেমা তাসনুম জুমা এবং রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় নিন্দা জানান।
তিনি বলেন, আমিরে জামায়াত ও সেক্রেটারি জেনারেলের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় জড়িত সন্দেহে আটক বঙ্গভবনের কর্মকর্তা মোহাম্মদ ছরওয়ার আলমকে তদন্ত চলাকালীন সময়ে জামিন দেওয়ায় তারা উদ্বিগ্ন। এতে ভবিষ্যতে আরও নিরাপত্তাহীনতা ও বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সম্প্রতি সারা দেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজির একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার শিকার হয়েছেন ব্যবসায়ী, নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, বিভিন্ন সংসদীয় আসনে জামায়াতের প্রার্থীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন বৈঠক করেছেন এবং ধমকের সুরে কথা বলেছেন। এর মধ্যে সিলেট-১ আসন ও কক্সবাজারে জামায়াতের সিনিয়র নেতা ড. হামিদুর রহমান আযাদের আসনের বিষয়টি উল্লেখ করেন তিনি।
এ ছাড়া সারা দেশে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাদের একটি অংশের বিরুদ্ধে হুমকি-ধামকির অভিযোগ তোলা হয়। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের একাধিক ঘটনা তুলে ধরা হয়, যার মধ্যে ঢাকা-১ আসনের বিষয়টি উল্লেখযোগ্য বলে জানান তিনি।
নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র ব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সেনাবাহিনী দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করছে। যুবদল, ছাত্রদল ও ছাত্রলীগ নেতাদের বাড়ি থেকে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনাও সামনে এসেছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী ভোটকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। ময়মনসিংহের ভালুকায় এমন একটি ঘটনায় বিএনপির নেতাদের সম্পৃক্ততার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।
নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাও বিভিন্ন জায়গায় ঘটছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
আমিরে জামায়াতের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ঘটনায় আটক কর্মকর্তার মুক্তির দাবিতে বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর অনুসারীরা পুলিশের ওপর চাপ সৃষ্টি করেছেন বলে তথ্য থাকার কথাও জানান অ্যাডভোকেট জুবায়ের। একই সঙ্গে তিনি বলেন, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার মুক্তির দাবিতে পোস্ট দিয়েছেন।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচনী পরিবেশ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে ব্রিফিংয়ে আশঙ্কা প্রকাশ করা হয়।