
নতুন সরকারের পাঁচ মাসেই দেশজুড়ে জনদুর্ভোগ বেড়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, লুটপাট, চাঁদাবাজি, দলীয়করণ এবং দুর্নীতির সিন্ডিকেট দেশের ওপর চেপে বসেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে গ্যাস সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। নারীরা রান্নার হাড়ি-পাতিল নিয়ে রাজপথে নেমে বিক্ষোভ করছেন। একদিকে গ্যাসের দাম বাড়ছে, অন্যদিকে উৎপাদন কমছে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান ও উত্তোলনে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। এলপিজির দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ব্যয়ও বেড়েছে।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে পোশাক, সার ও ইস্পাত কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কমে গেছে। সিএনজি স্টেশনগুলোতেও গ্যাসের সংকটে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ‘ভুতুড়ে বিল’ প্রসঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রকৃত ব্যবহার না হলেও অনেক গ্রাহককে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হচ্ছে। সরকার এসব অভিযোগ তদন্তে ব্যর্থ হয়েছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, চাল, ডাল, চিনি, কাঁচা মরিচ ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়েছে।
সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, সরকার জনদুর্ভোগ নিরসনের পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছে। রক্তাক্ত জুলাই সনদের ভিত্তিতে বৈষম্যহীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সরকারের মন্ত্রীরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন এবং বিরোধী দল দমনে মনোযোগী হয়েছেন।
তিনি বলেন, গ্যাস সংকটের কারণে ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ সংকট নিরসনে গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় বিনিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
একই সঙ্গে প্রশাসনে ‘দলদাসদের’ নিয়োগ ও পদোন্নতির অভিযোগ তুলে তিনি বলেন, সরকার যেন ফ্যাসিবাদের পথে না হাঁটে। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি গ্যাস সংকট সমাধানের আহ্বান জানান তিনি। এ ছাড়া জনদুর্ভোগের বিষয়ে জনগণকে সোচ্চার থাকারও আহ্বান জানান জামায়াতের এই নেতা।
সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার উপস্থিত ছিলেন।