পাকিস্তানের হাসপাতালে আগুন, প্রাণ গেল ১৫ নবজাতকের

ফানাম নিউজ
  ২৬ আগস্ট ২০২৬, ১৬:০৩

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) আওতাধীন একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে এ আগুন লাগে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নবজাতকদের রাখা কক্ষের একটি এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে চিকিৎসকরা মাত্র একজন শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বাকিদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তারা একজন শিশুকে উদ্ধার করতে পারলেও আগুনের তীব্রতার কারণে অন্যদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করেছে ইসলামাবাদ পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়