মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু

ফানাম নিউজ
  ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

মার্কিন হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

রোববার (৩০ আগস্ট) ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছিল আইআরজিসি। এর কয়েক ঘণ্টা পর জর্ডানে অবস্থিত কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করে ইরানের এই বাহিনী।

ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘আগ্রাসনকারীদের শাস্তি’ দেওয়ার অংশ হিসেবে মার্কিন ঘাঁটি দুটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় ঘাঁটিগুলোর প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে শত্রুপক্ষের বিমান উড্ডয়ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসিকে দমিয়ে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। ইরানের বিরুদ্ধে প্রতিটি হামলার আরও কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লঞ্চারে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় কয়েকজন আইআরজিসি সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানায়নি আইআরজিসি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, লারাক দ্বীপে থাকা দুটি রকেট লঞ্চার দিয়ে মাইনবাহী দুটি মার্কিন জাহাজে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় মার্কিন বাহিনী ওই স্থাপনায় হামলা চালায়। খবর আল-জাজিরার।

ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন বাহিনী এলাকাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়