
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি দলটিকে দুর্নীতি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন।
বুধবার (২১ অক্টোবর) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
স্পিকার অভিযোগ করেন, আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের সম্পদ লুটপাট করেছে। দলটির সাবেক মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগও তুলে ধরেন তিনি।
নিজের নির্বাচনী এলাকার অতীত পরিস্থিতি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০০১ সালের নির্বাচনে এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তোফায়েল আহমেদ। পরবর্তী সময়ে শেখ হাসিনা ঢাকা থেকে একজনকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করান বলে অভিযোগ করেন তিনি। ওই ব্যক্তির বিরুদ্ধে লালমোহনে ৫০০ বিঘা জমি ও ঢাকায় একাধিক বাড়ি গড়ার অভিযোগও করেন স্পিকার।
এ সময় তজুমদ্দিনকে পৌরসভায় উন্নীত করা এবং মেঘনার পাড়ে বিনোদনের জন্য পার্ক নির্মাণের আশ্বাস দেন তিনি। পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা মিন্টু সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আলহাজ ওমর আসাদ রিন্টু সঞ্চালনা করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর তজুমদ্দিন উপজেলা শাখার পক্ষ থেকেও স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এর আগে স্পিকার উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।