শ্রমিকদের অস্থিরতার পেছনে শিল্প মালিক ও সংগঠনের সম্পৃক্ততা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফানাম নিউজ
  ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৭

শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির পেছনে কিছু শিল্প মালিক ও সংগঠন জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ঘটনায় জড়িতদের কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের সমর্থিত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে তারা লক্ষ্য করেছেন।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডিসেম্বরকে ঘিরে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে নিয়ম অনুযায়ী আবেদন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ আবেদন জানানো হয়েছে। তারা আজই দেশে ফিরলেও আইনের আওতায় এনে আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বর নিয়ে হাইপ তৈরি করে পলাতক নেতাকর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে। তবে এ ধরনের প্রচেষ্টা সফল হবে না।

ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাস। এ মাসে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে। কোনো পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি দেশে ফিরতে চাইলে আইন অনুযায়ী তার সঙ্গে সুবিচার করা হবে।

বৈঠকে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি, সংকটের কারণ এবং তা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও শ্রমিক নেতা শিমুল বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়