গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের শেষ চিঠিগুলোতে কী লেখা ছিলো?

ফানাম নিউজ
  ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সরকারি বাসা থেকে তাঁর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের হাতে লেখা কয়েকটি চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করেছে পুলিশ। এসব লেখায় দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, প্রতারণার অভিযোগ, ভালোবাসা এবং তীব্র মানসিক যন্ত্রণার কথা উঠে এসেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই বাসা থেকে তাঁর হাতে লেখা চিঠি ও ডায়েরির পাতা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

চিঠিগুলোর একটিতে মরিয়ম লিখেছেন, ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই... তা না হলে যতটা সস্তা ভাবছো, ততটা সস্তা আমি নই।’

অন্য একটি চিঠিতে সম্পর্কটিকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি লিখেছেন, ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম তার সঙ্গে, কিন্তু জিততে পারিনি, হেরে গেলাম ময়দানে। জিতবই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

আরেকটি পাতায় নিজের অবস্থান ও ভালোবাসা নিয়ে আক্ষেপের কথা তুলে ধরেছেন মরিয়ম। সেখানে লেখা, ‘সে ছিল অন্য নারীর স্বামী—কাগজে-কলমে অধিকার ছিল তার বউয়ের। আর আমি ছিলাম বোকা... অন্য কারও স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ।’

ওই লেখায় আরও বলা হয়েছে, ‘কাউকে অর্ধেক পাওয়ার চেয়ে হারিয়ে ফেলা বেশি সম্মানের। কারণ ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়—ভালোবাসা হয় সম্পূর্ণ, না হয় অপূর্ণ।’

বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারিত হওয়ার অনুভূতিও উঠে এসেছে মরিয়মের আরেকটি লেখায়। সেখানে তিনি লিখেছেন, ‘সে বলেছিল—আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো—আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

জাতীয় সংসদের প্যাডে লেখা আরেকটি পাতায় ক্ষোভ ও পরিণতি নিয়ে নিজের অনুভূতির কথা লিখেছেন মরিয়ম। সেখানে বলা হয়েছে, ‘আমি হেরেছি—তুমি জিতেছো—কারণ, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই তো ঠকিয়ে জিততে পেরেছো।’

এদিকে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ওই ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এবং উদ্ধার হওয়া চিঠিগুলোর বিষয়ে তদন্তকারীদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

মরিয়মের লেখা চিঠিগুলোতে যে অভিযোগ ও অনুভূতির কথা উঠে এসেছে, সেগুলো তার ব্যক্তিগত লেখা হিসেবে প্রকাশিত হয়েছে; এগুলোর বক্তব্যের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়