
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। শুরুতে ট্রেনে যাত্রীর চাপ তুলনামূলক কম থাকলেও ধীরে ধীরে তা বাড়ছে। এ পরিস্থিতিতে ট্রেনের ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ মে) সকালে ঢাকার কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক কবির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, টিকিট ছাড়া কাউকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। ছাদে ভ্রমণ ঠেকাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্টেশন ব্যবস্থাপক জানান, ঈদকে কেন্দ্র করে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। সকাল থেকেই কমলাপুর স্টেশন থেকে ১১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে গেছে।
যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় রেখে সর্বনিম্ন শ্রেণিতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কবির হোসেন বলেন, প্রায় ৪৫ হাজার আসনের টিকিট বিক্রি করা হচ্ছে। এর সঙ্গে দাঁড়িয়ে যাত্রার টিকিট মিলিয়ে মোট প্রায় ৭০ হাজার টিকিট দেওয়া হবে।
তিনি আরও জানান, শনিবার (২৩ মে) থেকে ৪৩ জোড়া আন্তঃনগর ও ২৩ জোড়া কমিউটার ট্রেনসহ মোট ৬৬ জোড়া ট্রেন চলাচল করবে।
কালোবাজারি ও দালালচক্রের বিষয়ে সতর্ক করে স্টেশন ব্যবস্থাপক বলেন, যাত্রীরা যেন কোনো কালোবাজারির কাছ থেকে টিকিট না কেনেন। দালালচক্র যাতে সক্রিয় হতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।